যারা সিরিঞ্জের সুচকে ভয় পান তাদেরকে অভয় দিয়ে বলতে পারি, এই প্রথম আমি বিন্দুমাত্র ব্যথা না পেয়ে একটা ইনজেকশন নিয়েছি। টিকা দেওয়ার সময় ভয়ের আর কোনো কারণ নেই, তবে স্থানীয় সাংসদ কিংবা উপজেলা চেয়ারম্যানরা যে নিজেরাই টিকা দিতে শুরু করেছেন, সেই বিপদ সম্পর্কে আমি অবশ্য কোনো অভয়বাণী শোনাতে পারছি না।
বাংলাদেশের বেক্সিমকো এবং ভারতের সেরাম ইন্সটিটিউটের মধ্যে একটি চুক্তির অধীনে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সময়সাপেক্ষ ও কঠিন। তাই আমার মতে বিকল্প উপায়ে টিকার অনুমোদন নিয়ে যুক্তরাজ্য বা চীনের টিকা দেশে তৈরি করতে পারলে অনেক ভালো হতো।
‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’-এর সাথে শুরু হয়েছে টিকার হালাল-হারাম বিতর্ক। টিকার হালাল-হারাম বিতর্ক বড় ভাবে শুরু হয় ইন্দোনেশিয়ায়। ধর্মীয়ভাবে নিষিদ্ধ জেলাটিন ব্যবহার করা হয় বলে ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে হাম ও রুবেলার টিকাকে হারাম ঘোষণা করে দেশটির সর্বোচ্চ ওলামা কাউন্সিল। এই ঘোষণার পর দেশটিতে সাধারণ নাগরিকগণের মধ্যে তাদের সন্তানকে টিকা না দেয়ারও প্রবণতা দেখা দেয়।